বাংলাদেশে বাসভাড়া বাড়ল ৬০ শতাংশ, ‘করোনা রোধে অর্ধেক আসন খালি থাকবে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i80318-বাংলাদেশে_বাসভাড়া_বাড়ল_৬০_শতাংশ_করোনা_রোধে_অর্ধেক_আসন_খালি_থাকবে’
করোনাভাইরাস মহামারীর মধ্যেই আগামীকাল (সোমবার) থেকে গণপরিবহন চালুর বিষয়ে সরকারি অনুমোদন ঘোষণার প্রেক্ষিতে যাত্রীবাহী বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ তথা অর্ধেকের বেশি বাড়িয়ে আজ (রোববার) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মে ৩১, ২০২০ ১১:৪৪ Asia/Dhaka
  • বাংলাদেশে বাসভাড়া বাড়ল ৬০ শতাংশ, ‘করোনা রোধে অর্ধেক আসন খালি থাকবে’

করোনাভাইরাস মহামারীর মধ্যেই আগামীকাল (সোমবার) থেকে গণপরিবহন চালুর বিষয়ে সরকারি অনুমোদন ঘোষণার প্রেক্ষিতে যাত্রীবাহী বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ তথা অর্ধেকের বেশি বাড়িয়ে আজ (রোববার) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সোমবার থেকে বিধিনিষেধ মেনে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে বলা হয়েছে।

গতকাল (শনিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র সাথে পরিবহন মালিকদের বৈঠকে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল বিআরটিএ। তবে, বাস ভাড়া প্রায় দ্বিগুণ করার প্রস্তাবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মহলের দাবীর মুখে শেষপর্যন্ত ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হলো। বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিআরটিএ।

ওবায়দুল কাদের

এর আগে, আজ সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স জানিয়েছেন, সরকার নির্ধারিত ভাড়ার হার ও স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক, শ্রমিক সংগঠনসহ সবার সহযোগিতা চেয়েছেন। 

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এই মুহূর্তে জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই সরকার প্রস্তাবিত ভাড়ার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করতে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, করোনাকালে গণপরিবহনের ভাড়া সমন্বয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রস্তাবিত ভাড়া কমিয়ে মন্ত্রণালয় একটি যুক্তিসঙ্গত হার নির্ধারণ করেছে। সরকারকে যেমন যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনি পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে।

সড়ক পরিবহন মন্ত্রী জানান, করোনাকালে বাস-মিনিবাস সমূহকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। করোনা সংক্রমণ রোধে অর্ধেক আসন খালি থাকবে।

যানবাহনে যাত্রী, গাড়িচালক, সহকারী, কাউন্টারকর্মীসহ সবাইকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা প্রতিপালন এবং মাস্ক পরিধানের অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ভিডিও কনফারেন্সে মন্ত্রী সড়ক বিভাগের এডিপি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রকল্পসমূহের চলমান কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উন্নয়ন একটি বহমান প্রক্রিয়া। উন্নয়ন থেমে গেলে জীবনও থেমে যাবে।

মন্ত্রী বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি যথাসময়ে তাঁদের বেতনভাতা পরিশোধে প্রকল্প প্রধানদের প্রতি নির্দেশনা দেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ সংস্থাগুলোর প্রধানগণ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।