উদাসীনতা নয়, ক্ষণিকের অবহেলায় পরিস্থিতি ভয়াবহ করে তুলছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i80538-উদাসীনতা_নয়_ক্ষণিকের_অবহেলায়_পরিস্থিতি_ভয়াবহ_করে_তুলছে_কাদের
বাংলাদেশে করোনা পরিস্থিতি অবনতিশীল বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন থেকে সাবধান না হলে আগামী দিনগুলো আরও ভয়ংকর হতে পারে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৮, ২০২০ ১৪:০১ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশে করোনা পরিস্থিতি অবনতিশীল বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন থেকে সাবধান না হলে আগামী দিনগুলো আরও ভয়ংকর হতে পারে।

আজ (সোমবার) রাজধানীর সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। কাদের জানান, করোনা পরিস্থিতির অবনতির মধ্যে শেখ হাসিনা সরকার জনস্বার্থে ও জনস্বাস্থ্য রক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছেন এবং নিতে যাচ্ছেন। সংক্রমিত, সংক্রমণপ্রবণ এলাকা চিহ্নিত করে শিগগিরই আরো কিছু পদক্ষেপ ঘোষণা করা হবে।

জনগণকে ধৈর্যের সঙ্গে সরকারি সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানিয়ে  তিনি সতর্ক করে বলেন, উদাসীনতা নয়, ক্ষণিকের অবহেলায় পরিস্থিতি ভয়াবহ করে তুলছে।

এসময় সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা করোনাযোদ্ধা। করোনা ও অন্যান্য রোগীর প্রতি মানবিক হবেন। ইতোমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। তাই আপনারা মানবিক ও সহানুভূতিশীল হবেন, এটাই আশা করি। একইসাথে পোশাক কারখানা মালিকদের প্রতি মানবিক আচরণের পাশাপাশি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই সংকটকালে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটি হবে এই সময়ে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো। আমি বিজিএমইএসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি। অসহায় মানুষগুলোর প্রতি ভালোবাসা, আপনারা সহমর্মী ও সমব্যথী হয়ে সিদ্ধান্ত নেবেন, আশা রাখছি। এই শ্রমিকরা সুদিনে আপনাদের মুনাফা এনে দিয়েছেন। দুর্দিনে তাদের দূরে ঠেলে দেবেন, এটা হয় না। ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্বেগকারী সিদ্ধান্তে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। এ ব্যাপারে শ্রমিক, মালিক ও মন্ত্রণালয় নিজেদের মধ্যে আলোচনা করে বাস্তবসম্মত মানবিক সিদ্ধান্ত নেবেন বলে আশা করি।

গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় বেশি ভাড়া নেওয়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ, এই সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসব। সংকটের মেঘ অচিরেই কেটে যাবে, সবার সম্মিলিত প্রচেষ্টায়।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।