ঢাকায় আরও দুই চিকিৎসকের মৃত্যু, করোনা আক্রান্ত ছিলেন বরিশালের ডা. আনোয়ার
-
অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান ও সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার
বাংলাদেশের রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস'র (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গাজী জহিরুল হাসানের মৃত্যু হয়। অন্যদিকে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তিনি আজ শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেছেন।
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন, প্রায় ১৫ দিন আগে গাজী জহিরুল হাসানের কোভিড-১৯ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, “তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।”
অধ্যাপক জহিরুলের মৃত্যুতে শোক জানিয়ে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, “তিনি একজন দক্ষ চিকিৎসক ছিলেন। চিকিৎসা শিক্ষায়ও তার অনেক অবদান ছিল। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।”
এদিকে, জহির হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর)। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানায় তারা।
এফডিএসআর সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সারা দেশে অন্তত এক হাজার ১০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত ছিলেন ডা. আনোয়ার হোসেন
এদিকে, গত মঙ্গলবার (৯ জুন) ভোর রাত ৩টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা বরিশাল নগরের বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও স্থানীয় দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক ডা. আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের পাওয়া রিপোর্টে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেনের করোনা পজেটিভ অর্থাৎ তার শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
এর আগে গত সোমবার (৮ জুন) সকালে ডা. আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা আশঙ্কাজনক হলে বিকেলে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
তার মরদেহ সড়কপথে ঢাকা থেকে গত মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বরিশালের উদ্দেশে নিয়ে আসা হয় এবং জানাজা শেষে গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার বিনয়কাঠীতে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন, আওয়ামী লীগের নেতা, চিকিৎসকরা গভীর শোক প্রকাশ করেছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।