বাংলাদেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪১
-
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
বাংলাদেশে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। আজ (রোববার) সকাল ৮ট পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৩২ জনের মৃত্যু ঘটেছে এবং ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৪১ জনে আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা ভাইরাস বিষয়ক সর্বশেষ তথ্য প্রকাশ করেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৬১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০৫টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৪ হাজার ৪৬৫টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে ফিরেছেন আরও ৯০৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন
আরো দুই চিকিৎসকের মৃত্যু
বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ও প্রধান ডা. সাজ্জাদ হোসাইন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৪ দিন যাবত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক ডা. সাদেকুর রহমানের মৃত্যু হয়েছে। আজ সকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে জানান, এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৩৬ জন চিকিৎসক মারা গেছেন।
ওদিকে, স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪