করোনায় মারা গেলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুজিবুর রহমান
-
ডা. একেএম মুজিবুর রহমান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের রাজধানী ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান।
আজ (মঙ্গলবার) ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এই অধ্যক্ষ ৩ সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। মাঝখানে কিছুদিন সুস্থ থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে পাঁচটায় মারা যান তিনি।
ডা. মুজিবুর রহমানের গ্রামের বাড়ি সাতক্ষীরা। সেখানে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এফডিএসআর তথ্যমতে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৬ জন চিকিৎসক। এদের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৫ জন। করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ২০০ চিকিৎসক।
খুলনা হাসপাতালে করোনা রোগীকে যৌন হয়রানি: ওয়ার্ডবয় চাকরিচ্যুত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নজরুল ইসলাম হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ওয়ার্ডবয় হিসেবে কাজ করছিলেন। নুরনগর এলাকায় অবস্থিত এই হাসপাতাল পরিচালনা করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি নমুনা পরীক্ষায় ওই গৃহবধূ (২৬) করোনা ‘পজিটিভ’ হন। এরপর ৬ জুন তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তাকে উত্ত্যক্ত করে আসছিলেন ওয়ার্ডবয় নজরুল ইসলাম। বিভিন্ন অজুহাতে তার কাছে আসার চেষ্টা করতেন। সর্বশেষ ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে।
নজরুল প্রয়োজনের কথা বলে ওই গৃহবধূকে কিছুটা নির্জন স্থানে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। পরে কোনোমতে নিজেকে রক্ষা করে ওই গৃহবধূ ঘটনাস্থল ত্যাগ করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের দায়িত্বরত নার্সদের তিনি বিষয়টি জানান।
ওই গৃহবধূকে গতকাল সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে তার স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ওয়ার্ডবয় নজরুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।