বিএনপির মিডিয়াবাজির রাজনীতিতে ভাটা পড়েছে- কাদের : চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে- রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i80731-বিএনপির_মিডিয়াবাজির_রাজনীতিতে_ভাটা_পড়েছে_কাদের_চিকিৎসা_ব্যবস্থা_ভেঙ্গে_পড়েছে_রিজভী
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক- সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংকট থেকে উত্তরণের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।  আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে তিনি আশা করেছেন, “পরম করুণাময়ের অশেষ কৃপায় এই সংকট আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব।”
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৬, ২০২০ ১৫:৪৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের ও রুহুল কবির রিজভী
    ওবায়দুল কাদের ও রুহুল কবির রিজভী

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক- সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংকট থেকে উত্তরণের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।  আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে তিনি আশা করেছেন, “পরম করুণাময়ের অশেষ কৃপায় এই সংকট আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব।”

এসময় বিএনপি’র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, করোনা সংকটের সময়েও জনগণের পাশে না দাঁড়িয়ে কর্মভীরু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররা নিজেদের ব্যর্থতা ঢাকতে বাক্যালাপে বীরত্ব প্রদর্শন করছেন। এ কারণে তারা গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে। তবে, তাদের মিডিয়াবাজির রাজনীতিতেও ভাটা পড়েছে।

এদিকে, বিএনপি অভিযোগ করেছে, স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতির কারণে আজ চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আজ (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানবন্ধনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে করোনা পরীক্ষার হার সবচেয়ে কম। সে কারণে আক্রান্ত রোগীও শনাক্ত হচ্ছে কম।

তবে, ওবায়দুল কাদের বিএনপিকে সমালোচনা করে বলেছেন, দেশবাসী দেখেছে, গত এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন আন্দোলনে সরকারবিরোধী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবক্ষেত্রে বিএনপি কীভাবে গুজব ছড়িয়েছে। এর মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালিয়েছে এবং গুজবভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, কথায় কথায় বিএনপি নেতারা অভিযোগ করেন, ‘দেশে গণতন্ত্র নেই’। গণতন্ত্র না থাকলে বিএনপি নেতারা কীভাবে সরকারের বিরুদ্ধে এত মিথ্যাচার করার সুযোগ পান? জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের নামে হ্যাঁ-না ভোটের মাধ্যমে ৯৯ শতাংশ ভোট ডাকাতি এবং সামরিক শাসনতন্ত্রের মোড়কে ১৯৭৯ সালের ‘গণতান্ত্রিক নির্বাচন’ এর ইতিহাস এখনও বই-পুস্তক ও জাতীয় স্মৃতিতে জ্বলজ্বলায়মান। সুতরাং বিএনপির মুখে আর যাই হোক গণতন্ত্রের কথা শোভা পায় না।’

তিনি বলেন, ‘পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।