রিজেন্ট কেলেঙ্কারির দায়িত্ব নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i81385-রিজেন্ট_কেলেঙ্কারির_দায়িত্ব_নিয়ে_স্বাস্থ্যমন্ত্রীর_পদত্যাগ_করা_উচিত_ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস পরীক্ষায় দুর্নীতি এবং তার সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত দেখে রাজনীতিবিদ হিসেবে তিনি নিজেও দুঃখিত ও লজ্জিত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১২, ২০২০ ১২:৩৮ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস পরীক্ষায় দুর্নীতি এবং তার সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত দেখে রাজনীতিবিদ হিসেবে তিনি নিজেও দুঃখিত ও লজ্জিত।

আজ (রোববার) দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে (জেডআরএফ) কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্যসেবায় ভার্চুয়াল হটলাইন কল সেন্টার উদ্বোধনের সময় উত্তরার বাসা থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মন্ত্রণালয়ের নির্দেশে রিজেন্ট হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। তাহলে তো এ কেলেঙ্কারির দায়িত্ব নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

এ সময় মির্জা ফখরুল বলেন, আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলে হয়েছে। যে হারে লুটপাট করা হয়েছে, তা দেশবাসী সবাই গণমাধ্যমে দেখেছেন। তিনি  গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই চরম বৈরিতার মধ্যেও, যখন কোনো সংবাদ প্রকাশ করাও বিপজ্জনক, তখনো তারা অনেক কিছু প্রকাশ করছেন, ফলে জনগণ এসব জানতে পারছে।

মির্জা ফখরুল বলেন, যেহেতু এই সরকার নির্বাচিত নয়, প্রথম থেকেই তারা অজ্ঞতা ও পরবর্তীকালে উদাসীনতা দেখিয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, চুরি তাদের মজ্জাগত হয়ে যাওয়ায় তারা প্রতিটি ক্ষেত্রে কোথায় কিভাবে চুরি করা যাবে সেই বিষয়গুলো তারা করছে। জনগণের জীবন-জীবিকা রক্ষার যে কাজ সেই কাজগুলোতে তারা একেবারেই আগ্রহী নয়।

তিনি বলেন, এই যে সরকার আমাদের অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এই চরম সময়েও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না। তারা লুট করছে। আমরা ব্রিটিশ আমলে দেখেছি, ব্রিটিশরা সম্পদ লুট করে নিয়ে গেছে। পাকিস্তান আমলে দেখেছি, পাকিস্তানীরা সম্পদ লুট করে নিয়ে গেছে। এখন দেখছি আওয়ামী লীগ মানুষের পকেট কেটে সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। আমরা এই অবস্থার পরিত্রাণ চাই। জনগণের জীবন বাঁচাতে চাই।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।