দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর- কাদের: সাহেদ যেমন সরকারও তেমন- রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i81460-দুর্নীতির_বিরুদ্ধে_সরকারের_অবস্থান_কঠোর_কাদের_সাহেদ_যেমন_সরকারও_তেমন_রিজভী
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের অবস্থান স্পষ্ট। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি’র কর্তাব্যক্তিদের গ্রেফতারই অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রমাণ করে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৫, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের- রুহুল কবির রিজভী
    ওবায়দুল কাদের- রুহুল কবির রিজভী

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের অবস্থান স্পষ্ট। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি’র কর্তাব্যক্তিদের গ্রেফতারই অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রমাণ করে।

আজ (বুধবার) সকালে সচিবায়লস্থ নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি-এর নেতৃত্বে এক প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে ওবায়দুলকাদের বলেন, অপরাধীর কোনো পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই।

কাদের বলেন, “মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না, শেষ পর্যন্ত সবাইকে ধরা পড়তেই হবে।”

সাহেদ গ্রেফতার

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বলেছেন, রিজেন্টের সাহেদ যেমন তার সরকারও তেমন। কেননা জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে।

রিজেন্টের সাহেদকে গ্রেফতারের বিষয়টি কোনো নাটক কি-না তা নিয়েও সংশয় প্রকাশ করেন রিজভী।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষণভিত্তিক চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ-ড্যাব)।

রুহুল কবির রিজভী বলেন, আজকে করোনা ভাইরাস প্রতিরোধে হোমিওপ্যাথি চিকিৎসকদের উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। এটা মানবতাবাদী কার্যক্রম।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশের ক্ষমতাসীনরা দেশের মানুষ নিয়ে কোনো কাজ করেনি। স্বাস্থ্য খাতের দুর্নীতির সঙ্গে সরকার ও তাদের মন্ত্রী-এমপিদের ছেলে-মেয়েরা জড়িত।

তিনি বলেন, আজকে জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে। কিন্তু তাদের ধরা হয় না। আর আমাদের মানিকগঞ্জের ছোট মেয়ে পলি, নোয়াখালীর টিটু  হায়দার ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামকে গ্রেফতার করেন। এই যে রিজেন্টের সাহেদকে গ্রেফতার করা হলো এটা নাটক। সাহেদের মা আওয়ামী মহিলা লীগের নেতা। তাহলে সাহেদ হাওয়া ভবনের লোক হয় কী করে? তার কেলেঙ্কারি ফাঁস হওয়ার আগে তো তিনি আওয়ামী লীগেরই লোক ছিলেন। আসলে যেমন সাহেদ তেমন তার সরকার।

রিজভী বলেন, হাওয়া ভবনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটাই আওয়ামী লীগের নীতি। তারা তো মৃত মানুষের নামে, হজ পালনরত মানুষের নামে মামলা দিয়েছে।

ডা. অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি ডা. শামসুজ্জোহা আলম, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল আলম সেলিম, মহাসচিব ডা. শাহজালাল আহমেদ প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।