হাসপাতাল বন্ধ না করে রোগীদের আস্থা ফেরাতে হবে: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশের ক্ষমতসীল দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নানা কারণে অনেক বেসরকারি হাসপাতালের ওপর রোগীর আস্থার সংকট তৈরি হয়েছে। হাসপাতাল বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। হাসপাতাল বন্ধ না করে আস্থা ফিরিয়ে আনুন।
আজ (শনিবার) তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, এ দেশের রাজনীতিতে সততার প্রতীক বঙ্গবন্ধুর পরিবার। তাই গুটিকয়েক ব্যক্তির লোভ, প্রতারণা, চাতুর্যের কাছে মানুষের প্রত্যাশা জিম্মি হতে পারে না। গুটিকয়েক ব্যক্তির লোভের কাছে সরকার ও শেখ হাসিনার অর্জন প্রশ্নবিদ্ধ হতে পারে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংক্রমণের এ পর্যায়ে রোগীর চাপ আছে। এ ছাড়া অন্যান্য রোগী তো আছেই। তাই হাসপাতাল বন্ধ না করে রোগীদের আস্থা ফেরাতে হবে।
করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসা অব্যাহত রাখতে আক্রান্ত ব্যক্তিদের পাশে থেকে যাঁরা দিনরাত সেবা দিয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করে ওবায়দুল কাদের বলেন, যারা সম্মুখসারিতে কাজ করছেন, জাতির পক্ষ থেকে তাঁদের কৃতজ্ঞতা জানাই। দেশ ও জাতি আপনাদের এ ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আপনারা অন্যদের বেঁচে থাকার প্রেরণা।
করোনার লাগাম টেনে না ধরতে পারলে সংক্রমণ উচ্চমাত্রায় পৌঁছে যাবে, বিশেষজ্ঞদের এমন আভাস প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গণপরিবহন বন্ধের সুপারিশ ছিল। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। সরকারের সিদ্ধান্তের অপব্যবহার না করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ঈদ যাত্রায় প্রত্যেককে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পশুহাট, লঞ্চ-বাস-ট্রেন স্টেশন, ফেরিঘাট-শপিং মলসহ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মানার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মাস্ক পরিধান অবশ্যই করতে হবে।
এ সময় অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা কর্মীদের আহ্বান জানান সরকারি দলের সাধারণ সম্পাদক।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।