বৈশ্বিক মহামারি ও দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনার বিকল্প নেই: কাদের
-
ওবায়দুল কাদের
দুর্যোগ মোকাবিলায় অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী বলে দাবি করেছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) নিজের সরকারি বাসভবন থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে করোনা প্রতিরোধসামগ্রী ও বন্যার্ত জেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, "করোনার সংকটে মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে চলছেন। খাদ্যের অভাবে মানুষের যাতে কষ্ট না হয়, সে জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। জনগণ জানে, বৈশ্বিক মহামারি ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা এবং পরবর্তী অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল।"
এ সময় বিরোধী দল বিএনপিকে সমালোচনা করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ও আন্দোলনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা অপরাজনীতির অন্ধকার গিরিখাতে দিগ্ভ্রান্ত পথহারা পথিকের মতো প্রলাপ করছেন। নিজেদের দুর্বলতা ঢাকার নামে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার ও চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিংনির্ভর গলাবাজির রাজনীতি করছে বিএনপি। গলাবাজির দিন শেষ। ডিজিটাল বাংলাদেশে জনগণ এখন অনেক সচেতন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর না থাকুক, দেশের যেকোনো সংকট ও দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে। এটাই আওয়ামী লীগের ঐতিহ্য।
ধানমন্ডিতে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।