'বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ'
https://parstoday.ir/bn/news/bangladesh-i81816-'বাংলাদেশ_ভারত_সম্পর্ক_অতীতের_যেকোনো_সময়ের_চেয়ে_এখন_অধিকতর_উষ্ণ'
বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ দাবি করেছেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ২৮, ২০২০ ১১:২১ Asia/Dhaka
  • ওবায়দুল কাদেরের সঙ্গে রীভা গাঙ্গুলি দাশের সৌজন্য সাক্ষাৎ
    ওবায়দুল কাদেরের সঙ্গে রীভা গাঙ্গুলি দাশের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ দাবি করেছেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী।’

আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়স্থ তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিং-এ তিনি একথা বলেন।

সরকারি বার্তা সংস্থা বাসস পরিবেশিত খবরে বলা হয়েছে, সাক্ষাৎকালে সড়ক পরিবহনমন্ত্রী বলেছেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ’৭১-এর রক্তের রাখিবন্ধনে আবদ্ধ।

তিনি বলেন, দুই দেশের সম্পর্কের সেতুবন্ধ সময়ের পরিক্রমায় দিন-দিন নবতর মাত্রায় উন্নীত হচ্ছে। তিনি বিশ্বাস করেন,  প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হলে পারম্পরিক উন্নয়ন এবং অমীমাংসিত সমস্যা সমাধান সহজেই সম্ভব। 

মন্ত্রী এসময় জানান, সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহণের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও হাইকমিশনারের সাথে আলাপ হয়েছে। সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নিতে হাইকমিশনারের সহযোগিতার জন্য মন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ গত চারমাস চেষ্টা করেও প্রধানন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে পারেন নি বলে খবর প্রকশের পর এই প্রথম তিনি সরকার এবং দলের গুরুত্বপূর্ণ নেতা ওবায়দুল কাদেরের সাথে দেখা করলেন।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে শেখ হাসিনার সাথে কথা বলার পর বংলাদেশ ও ভারতের পত্রপত্রিকায় এ নিয়ে সরব প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। এমনও মন্তব্য করা হয়েছে যে হাসিনা সরকার দিল্লিকে পাশ কাটিয়ে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে। এরকম প্রেক্ষাপটে আজ ভারতীয় হাইকমিশনারের এ সাক্ষাৎ রাজনৈতিকভাবেও তাৎপর্যময় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।