অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কৃষির পাশাপাশি শিল্পায়নে মনোযোগী হতে প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য কৃষির পাশাপাশি শিল্পায়নে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) 'বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ' (বেজা)’র সপ্তম বোর্ড সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
করোনা পরিস্থিতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের কর্মপরিকল্পনা নির্ধারণে 'বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ' এ বোর্ড সভার আয়োজন।
করোনাকালে সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ এখন সংকটের মুখে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। এ সময় নতুন নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বেজা’র কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে উল্টো পথে পরিচালিত করেছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে কাজ করছে তার সরকার। কর্মসংস্থান সৃষ্টিতে শুধু রাজধানী কিংবা বন্দরকেন্দ্রিক নয়; পুরো দেশেই গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল।
এলাকাভিত্তিক পণ্যনির্ভর শিল্প কারাখানা গড়ে তোলার নির্দেশ দেন সরকার প্রধান। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে উদ্যোগী হওয়ারও আহ্বান রাখেন তিনি। বলেন, ভূখণ্ডের দিক থেকে বাংলাদেশ ছোট হলেও; জনসংখ্যা অনেক বেশি। এ বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে শিল্পায়নের পাশাপাশি কৃষি জমিও রক্ষা করা প্রয়োজন।
শিল্পায়নের জন্য জায়গা সুনির্দিষ্ট করে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যেন খুব দ্রুত উৎপাদন শুরু করার যায়।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।