ইমাম হোসেনের শাহাদাত আমাদের আজও বেদনায় ভারাক্রান্ত করে তোলে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i82627-ইমাম_হোসেনের_শাহাদাত_আমাদের_আজও_বেদনায়_ভারাক্রান্ত_করে_তোলে_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত বরণের শোকাবহ স্মৃতি বিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত করে তোলে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৯, ২০২০ ০৯:১৩ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত বরণের শোকাবহ স্মৃতি বিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত করে তোলে।’

পবিত্র আশুরা উপলক্ষে আজ (শনিবার) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই দিনটি বিশ্ব মুসলিমসহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদ এবং মানবিক সাম্য ও মানবমর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে কারবালায় ইমাম হোসেনের পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচরবৃন্দ এ দিন জালিমের হাতে শহীদ হন।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘শহীদে কারবালার মূল বার্তা হচ্ছে- ব্যক্তিগত কোনও অভিলাষ নয়; বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা।’

মির্জা ফখরুল বলেন, ‘ইমাম হোসেন (রা.) সেই অনুকরণীয় দৃষ্টান্তই স্থাপন করেছেন তাঁর আত্মদানের মধ্য দিয়ে। তাঁর নিজের আত্মত্যাগের এই ঘটনা সারা দুনিয়ার সব মজলুমকে কঠিন পরিস্থিতির মধ্যেও প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী প্রেরণা যুগিয়ে চলেছে।’

বাণীতে হযরত ইমাম হোসেনের স্মৃতি স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।