বাংলাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় শোকাবহ আশুরা পালিত
-
হোসেনি দালান
বিশ্বের অন্যান্য দেশর মতো বাংলাদেশেও আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে শোকাবহ আশুরা। করোনা পরিস্থিতির কারণে এবার খোলা স্থানে ব্যাপক জনসমাবেশের মাধ্যমে আশুরার শোক মিছিল আয়োজন করা হয় নি। এ ব্যাপারে ক’দিন আগেই পুলিশের নিষেধাজ্ঞা জারি হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন দৈনিক পত্রিকা বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। আশুরা উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
এদিকে, রাজধানীতে আজ (রোববার) সকাল থেকেই পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় জড়ো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেকজনকে পরীক্ষা করে আর্চওয়ের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করতে দেয়। ইমামবাড়ার ভেতরে সাজানো হয় তাজিয়া। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমানগণ নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে হোসেনি দালান প্রদক্ষিণ করেন এবং ইমামবাড়া চত্বরে আশুরার আনুষ্ঠানিকতা পালন করে।
হোসেনি দালানের ইমাম-বাড়া কর্তৃপক্ষ জানায়, সীমিত পরিসরে কিছু আয়োজন হচ্ছে দালানের ভেতরে। সীমিত আকারে রোববার সকাল ১০টা থেকে দালান চত্বরে অনুষ্ঠিত হয় তাজিয়া মিছিল।
উল্লেখ্য, হিজরি ৬১ সনের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম ইরাকের কুফা নগরের অদূরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সঙ্গী-সাথীসহ নির্মমভাবে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)। অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন-এর আত্মত্যাগের এই ঘটনা ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।