দেশ আজ দুঃশাসন কবলিত-ফখরুল; বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতির এক অনুকরণীয় দৃষ্টান্ত- তথ্যমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ দুঃশাসন কবলিত। বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।
দলটির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন। করোনা মহামারির আক্রমণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছে দেশের মানুষ। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবী, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে।
মির্জা ফখরুল বলেন, সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
দেশের যে কোন ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান মির্জা ফখরুল।
ওদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারের তথ্যমন্ত্রী ও ড. হাছান মাহমুদ বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে যুক্ত ছিল, সেজন্য আগস্টের শেষদিনে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তিকে ক্রমাগত পৃষ্ঠপোষকতার অপরাজনীতি থেকে বেরিয়ে আসুন।’
সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোকদিবস উপলক্ষে ‘ন্যাপ ভাসানী’ আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর সামনে উন্নয়ন-অগ্রগতির এক অনুকরণীয় দৃষ্টান্ত। কিন্তু এখনো একটি রাজনৈতিক দল বিএনপি এই উন্নয়ন-অগ্রগতির প্রধান প্রতিবন্ধক। তারা স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করেন।’
তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে সরকারি এবং বিরোধীদল উভয়ই হবে স্বাধীনতার পক্ষের শক্তি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, বিএনপি দলগতভাবে শুধু স্বাধীনতার বিরুদ্ধাচরণই করেছে না, স্বাধীনতাকামী-মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্রধারণকারী গণহত্যা-নারী ধর্ষণের সাথে যুক্ত জামায়াতে ইসলামী হচ্ছে বিএনপি’র প্রধান সহযোগী। অর্থাৎ আজকে বাংলাদেশে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই অপরাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।