বাংলাদেশে উপনির্বাচনের পালে হাওয়া, কাদের-ফখরুলের ইতিবাচক বক্তব্য
https://parstoday.ir/bn/news/bangladesh-i82940-বাংলাদেশে_উপনির্বাচনের_পালে_হাওয়া_কাদের_ফখরুলের_ইতিবাচক_বক্তব্য
বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২০ ১৫:১৪ Asia/Dhaka

বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

আজ বুধবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, সকল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, এটি রাজনীতির জন্য একটি শুভ সংবাদ।

বিএনপির এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদক বলেন, সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশ নেয়ার কোনো বিকল্প নেই।

ওবায়দুল কাদের আশা করেন,নেতিবাচক ধারা থেকে বেরিয়ে রাজনীতিতে বিএনপি’র এই নির্বাচনে আংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কয়েকটি আসনে উপনির্বাচনের তোড়জোড় শুরু

এর আগে স্থানীয় সরকারসহ সব উপনির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সোমবার (৭ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন,‘আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার। শুধু কোভিড-১৯ এর কারণে গত দুটি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে প্রচারণায় যাইনি,আমরা সরে দাঁড়িয়েছি। উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করবো সে সিদ্ধান্তই আছে।’

তিনি বলেন, সে অনুযায়ী আমরা ঢাকা-৫,ঢাকা-১৮,নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেব। আগামী ১০ তারিখে নমিনেশন ফরম বিক্রি করা হবে। ১২ তারিখে পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারে বসবে প্রার্থী চূড়ান্ত করার জন্য।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান

এদিকে,দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে সরকারি যে বিধি-নিষেধ রয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বুধবার (৯সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত শেষে তিনি এ দাবি জানান।

নজরুল ইসলাম খান বলেন, সরকারি আদেশে চিকিৎসার জন্য দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে যাওয়া নিষেধ করাটা অমানবিক বলে আমরা মনে করি। সুচিকিৎসার  প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন সে ব্যাপারে  বিধি নিষেধ  প্রত্যাহার করা হোক এটা আমাদের দাবি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৯

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।