'ভারতের সাথে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে'
-
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ভারতের সাথে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা জানান।
এ সময় ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় দেশের সড়ক অবকাঠামো উন্নয়ন, বিআরটিসির জন্য বাস ও ট্রাক এবং সড়ক উন্নয়নে যন্ত্রপাতি সংগ্রহে অর্থায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ জানান সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। একুশ বছর দুদেশের সম্পর্কের মধ্যে যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। দু’দেশের সরকার এবং জনগণের মাঝে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত উদার এবং ভবিষ্যতমুখী।
ওবায়দুল কাদের আরো বলেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে যেকোনো সমস্যার সমাধান সহজতর হয়। সীমান্ত সমস্যা ও ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যার সমাধান তারই উদাহরণ,
সাক্ষাত শেষে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেন দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।