আমাদের বৈদেশিক নীতি-সকলের সাথে বন্ধুত্ব এবং কারো সাথে বৈরীতা নয়: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i83404-আমাদের_বৈদেশিক_নীতি_সকলের_সাথে_বন্ধুত্ব_এবং_কারো_সাথে_বৈরীতা_নয়_প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিন এশিয়া অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরো ভালো সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১৫:৫৯ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিন এশিয়া অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরো ভালো সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বৈদেশিক নীতি-সকলের সাথে বন্ধুত্ব এবং কারো সাথে বৈরীতা নয়। আমরা সবসময়ই মনে করি যে, এই অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবার আগে আরো ভাল সহযোগিতার প্রয়োজন।

শেখ হাসিনা আরো বলেন, প্রতিবেশী দেশগুলো তাদের সুবিধার্থে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকালে গণভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন।

ভারতের হাইকমিশনারও এ সময় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভকামনা জানান এবং এ উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি  শুভেচ্ছা পত্রও  প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এ সময় প্রধাননমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে স্মরণ করে বলেন, ভারতের জনগণ এবং এর সব রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অভূতপূর্ব সমর্থন জানিয়েছিল এবং একইভাবে তারা বাংলাদেশের সাথে ঐতিহাসিক স্থলসীমা চুক্তিকেও সমর্থন জানিয়েছে।

প্রধানমন্ত্রী ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অবদানের জন্য বিদায়ী হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাসকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা করেন।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।