মির্জা ফখরুলের বাসায় হামলার পেছনে সরকারি মদদ রয়েছে: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i83752-মির্জা_ফখরুলের_বাসায়_হামলার_পেছনে_সরকারি_মদদ_রয়েছে_বিএনপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় হামলার ঘটনায় সরকারকে দায়ী করে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১০, ২০২০ ২১:৩২ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলা
    মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় হামলার ঘটনায় সরকারকে দায়ী করে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

আজ (শনিবার) রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরাস্থ বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে বাসার ক্ষতিসাধন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা এই ঘটনার পেছনে সরকারি মদদ রয়েছে বলে মনে করে। বর্তমানে সারাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামারি চলছে তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শুক্রবার বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে মির্জা ফখরুলের বাসায় ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়।

একটি ভিডিওতে দেখা যায়, মির্জা ফখরুলের বাসার সামনে কয়েকশ নেতাকর্মী সমবেত হয়ে বিএনপির মনোনয়ন পাওয়া জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এ সময় কফিল উদ্দিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না সেই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তার সমর্থকরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এ ব্যাপারে মনোনয়ন বঞ্চিত এম কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছেন, কারা ডিম-পাথর ছুড়েছেন। আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম। তখন মহাসচিব আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে যুবদলের ঢাকা মহানগর সভাপতি এসএম জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাহাঙ্গীরের নাম ঘোষণা করেন।

গত ১২ সেপ্টেম্বর ওই আসনে ৯ প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার দিনে এসএম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেদিন দুই পক্ষের ১৭ জন নেতাকর্মী আহত হন।#

পার্সটুডে/এআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।