জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা: কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা।
আজ (সোমবার) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। তিনি বলেন, সাম্প্রতিককালে উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই। কোনো অগণতান্ত্রিক পথে কাউকে ক্ষমতায় যেতে দেবে না জনগণ।
ওবায়দুল কাদের বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করে- উল্লেখ করে সরকারি দলের এ নেতা বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।
ওবায়দুল কাদের বলেন, জনরায়ের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি দিয়েছে কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি নষ্ট করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।