ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল বিএনপি: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i84177-ধর্ষণবিরোধী_আন্দোলনে_ভর_করে_সরকারের_পদত্যাগ_চেয়েছিল_বিএনপি_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অপরাজনীতিই এদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা তারাই গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা। 
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
অক্টোবর ২৬, ২০২০ ১৫:২৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অপরাজনীতিই এদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা তারাই গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা। 

আজ (সোমবার) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বিএনপি'র সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে, অথচ এসময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে।

বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটাবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল, যা হালে পানি পায়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের সকল রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তাদের উদ্দেশ্য বলেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

'জনগণের উত্তাল ঢেউ নাকি রাজপথে উঠাবে' বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কি না?

তিনি বলেন, ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন কিন্তু পদ্মা-মেঘনা-যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।

বিএনপির আন্দোলনের হাঁক ডাক আষাঢ়ের আকাশের মতো, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে বাস্তবে রাজপথে ততটা বর্ষে না বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন বিএনপি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বার বার মিথ্যা ও পুরোনো অভিযোগ করে চলছে, সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না?

বিএনপি নেতাদের এসব ভিত্তিহীন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশে আওয়ামী লীগের মঝেই পরমত সহিষ্ণুতা আছে, আর আছে বলেই বিএনপি অনবরত মিথ্যাচার করতে পারছেন।

তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতা গ্রহণের প্রথম ৩ মাসে ৫০ জন সাংবাদিক আক্রমণের স্বীকার হয়েছিল, তখন খোদ গণমাধ্যম রিলেটেড সংগঠন 'রিপোর্টার্স উইদাউট বর্ডার্স'-এর এক রিপোর্টে তা প্রকাশ হয়েছিল।

তিনি বলেন, বিএনপি নেতারা এখন গণমাধ্যমের প্রতি লোকদেখানো লিপসার্ভিস দিচ্ছে।

গণতন্ত্র এক টাকার বাইসাইকেল নয়, এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামো, সরকারের পাশাপাশি বিরোধীদলের গুরুত্বপূর্ণ ভূমিকা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে সকলের সহযোগিতা প্রয়োজন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।