করোনায় আরও ১৮ জনের মৃত্যু
বিদেশ-ফেরত সবার স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইন জোরদার করুন: হাসিনা
আসন্ন শীতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশের সব স্থল ও বিমান বন্দরে স্বাস্থ্য পরীক্ষা চালু করার পাশাপাশি কোয়ারেন্টাইন জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু যুব দিবস উদ্বোধনকালে এ নির্দেশ দেন সরকার প্রধান।
এ সময় শেখ হাসিনা বলেন, এখন থেকে যারাই দেশের বাইরে থেকে আসবে তাদের কোয়ারেন্টাইনে রাখতে হবে। তাদের সবার করোনা টেস্ট করাতে হবে। বিমানবন্দর থেকে শুরু করে সব স্থল-বন্দরে কেউ প্রবেশ করতে গেলেই চেক করতে হবে করোনা ভাইরাস নিয়ে কেউ দেশে ঢুকছে কিনা।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, কোভিড-১৯ এর প্রাথমিক পর্যায়ে সরকার দেশের জনগণকে এই মহামারির সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে ২১টি নির্দেশনা দিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি আবারো বিশ্বজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ নতুন করে লক-ডাউন ঘোষণা করেছে।
তিনি বলেন, ‘আমাদের সবাইকে নিরাপদ থাকতে হলে মাস্ক ব্যবহার করতে হবে, যখনই আমরা জনসম্মুখে যাব মাস্ক ব্যবহার করব, নিজেকে সুরক্ষিত রাখতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।’
২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু। আক্রান্ত আরও ১,৫৬৮ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫ জন ও নারী তিনজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৪১ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৬২০টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৬৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯ হাজার ২৫২ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি।
রোববার (১ নভেম্বর) বিকেলে করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৯৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জনে।#
পার্সটুডে/এআরকে/এমএএইচ/১
বিশ্বসংবাদসহগুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।