‘সংঘাতে উস্কানিদাতাদের গ্রেফতার করলেই বাকস্বাধীনতা হরণের অভিযোগ করে’
-
শেখ হাসিনা
অপপ্রচার চালিয়ে দেশের শান্তির পরিবেশ নষ্ট করতে, একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আজ (সোমবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে, সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তব্য শেখ হাসিনা এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র সফল হবে না। এসময় করোনাকালে অর্থনীতির চাকা সচল রাখতে নানা নির্দেশনা দেন, সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য, সংঘাত সৃষ্টি করার জন্য তারা বক্তব্য দেবে। আর তাদেরকে ধরা হলে সেটাকে বলা হবে বাকস্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। সংঘাতে উস্কানিদাতাদের গ্রেফতার করলে তারাই আবার সরকারের বিরুদ্ধে বাকস্বাধীনতা হরণের অভিযোগ করে। কিন্তু এভাবে দেশ চলতে পারে না।
দেশ নিয়ে, সমাজ নিয়ে যখন ষড়যন্ত্র সফল হয় না; তখনই দেশের একটি শ্রেণি সমালোচনামুখর হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে; আন্তর্জাতিক সংস্থাগুলো যা যা ভবিষ্যৎ বাণী আশঙ্কা পেছনে ফেলে এগিয়ে যাবে, এটা ওই গোষ্ঠীর পছন্দ হয় না।
তিনি আরও বলেন, তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে। অন্যের কাছে হাত পেতে চলবে। যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে, দেশবিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে। আর তারা উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে।
এসময় বাকস্বাধীনতার নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
অভিযোগ করেন, অপপ্রচার করে একটা শ্রেণী দেশ ও সরকারের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত।
এসময় করোনার দ্বিতীয় ওয়েব রোধে ‘নো মাস্ক নো সার্ভিস’কে জোরদার করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।