'জাতীয় ৪ নেতা হত্যায় জড়িতদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার আন্তরিক'
https://parstoday.ir/bn/news/bangladesh-i84360-'জাতীয়_৪_নেতা_হত্যায়_জড়িতদের_দেশে_ফেরত_আনার_ব্যাপারে_সরকার_আন্তরিক'
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পেছনে অনেক উদ্দেশ্য ছিল। শুধু বিপথগামী সেনা সদস্য নয়, এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিল।'
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ০৩, ২০২০ ১৬:০১ Asia/Dhaka
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 
    সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পেছনে অনেক উদ্দেশ্য ছিল। শুধু বিপথগামী সেনা সদস্য নয়, এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিল।'

আজ (মঙ্গলবার) সকালে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় চার নেতা হত্যায় যারা জড়িত তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক। এ ঘটনার সঙ্গে শুধু সশস্ত্র বাহিনী নয়, আরও যারা যারা জড়িত আছে, তাদেরও আইনের আওতায় আনতে সরকার কাজ করছে।’

জেলহত্যা দিবস উপলক্ষে পুরাতন কেন্দ্রীয় কারাগারে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 

এ সময় জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এএইচএম এহছানুজ্জামান বলেন, ‘দিনটি ছিল জাতির জন্য কলঙ্কের। কারাগারের ভেতরে যেখানে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেই জাতীয় এই চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে আমরা খুবই আশাবাদী এই ঘটনায় যাদের বিচার হয়েছে, তাদের মধ্যে পলাতকদের ফিরিয়ে এনে সরকার শাস্তি কার্যকর করবে।’

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল ইসলাম বলেন, ‘কারাবিধি লঙ্ঘন করে সশস্ত্র অবস্থায় কারাগারে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তখন কারা কর্তৃপক্ষের কী ধরনের ভূমিকা ছিল, সেটিও তদন্ত করে দেখা উচিত। কেননা একজন অবৈধ হুকুম দিলেই আইনের বিপরীতে এ ধরনের কাজ করা অবশ্যই অপরাধ। আমি জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনার সঙ্গে বিধি লঙ্ঘনসহ কারা অধিদফতরের কী ধরনের ভূমিকা ছিল, সেটি তদন্ত করারও দাবি জানাচ্ছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিম, কারা অধিদফতরের মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শক।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।