বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i84624-বিএনপি_আবারও_আগুন_সন্ত্রাসের_মাধ্যমে_মানুষ_পুড়িয়ে_প্রতিশোধ_নিতে_চাচ্ছে_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন ও আন্দোলনে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে। নিকট অতীতেও তারা পেট্রল বোমা ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মহোৎসব করেছিল। ২০১৩ সালে যাত্রীবেশে বাসে উঠে, গান পাউডার দিয়ে যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে।’
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
নভেম্বর ১৪, ২০২০ ১০:৩৬ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন ও আন্দোলনে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে। নিকট অতীতেও তারা পেট্রল বোমা ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মহোৎসব করেছিল। ২০১৩ সালে যাত্রীবেশে বাসে উঠে, গান পাউডার দিয়ে যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে।’

আজ (শনিবার) সকালে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাস পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ আছে, সবাই পুরোনো এবং চেনামুখ। এ ঘটনাকে কেন্দ্র করে একটি ফোনালাপের রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।’

আসাদুজ্জামান খাঁন কামাল

নাশকতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: কামাল

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাসে নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আজ (শনিবার) রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা-১৮ উপ-নির্বাচনকে কেন্দ্র করে এই সহিংসতা হতে পারে। কিছু কথোপকথন পাওয়া গেছে, সেখান থেকে দেখা যায় যে ফলাফল মেনে নিতে পারেনি বলেই তারা (বিএনপি) এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা এ অগ্নিসংযোগ করেছিলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে অনেকজনকে আমরা চিহ্নিত করেছি। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আমরা তাদের আইনের কাছে সোপর্দ করেছি। নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।’

আসাদুজ্জামান খাঁন আরো বলেন, ‘গোয়েন্দাদের ব্যর্থতা নেই। তাদের তৎপরতা চলছে বলেই এখন দেশ শান্তিতে রয়েছে। আমরা এতটুকু বলতে পারি দেশে আমরা কোন অরাজক পরিস্থিতি হতে দিব না।’ সরকারি এজেন্টরা এই ঘটনা ঘটিয়েছেন এই বক্তব্যের কোনো সত্যতা আছে বলে মনে করেন না স্বরাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।