নৈরাজ্য, হত্যা ও সন্ত্রাস-চর্চা বিএনপি জন্ম থেকেই করছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i84724-নৈরাজ্য_হত্যা_ও_সন্ত্রাস_চর্চা_বিএনপি_জন্ম_থেকেই_করছে_কাদের
 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী বিএনপি’কে  সমালোচনা করে বলেছেন, দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও পরিচর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০২০ ১৬:০৭ Asia/Dhaka
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী বিএনপি’কে  সমালোচনা করে বলেছেন, দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও পরিচর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে। 

বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রচনা না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেয়াল।
দেশের স্বাধীনতা  বিপন্ন বিএনপি’র এমন  মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন।
আজ বুধবার  সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিং কালে একথা বলেন ওবায়দুল কাদের। 
তিনি বলেন,শেখ হাসিনার কাছে এদেশের প্রতি ইঞ্চি মাটি নিজের অস্তিত্বের মতো ।  যে দলের নেতৃত্বে এদেশের স্বাধীনতা এসেছে তাদের হাতেই স্বাধীনতা - সার্বভৌমত্ব নিরাপদ। 
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে, দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার পাশাপাশি বিদেশে অবস্থানকারী লাখ লাখ প্রবাসী কর্মীর কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলছে। 
ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন করে বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে যারা রাজনীতি করেন তারা স্বাধীনতা রক্ষা করবে কিভাবে? তিনি বলেন, জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে, তাই তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার কথা জনগণ বিশ্বাস করেনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারো হুঁশিয়ার করে দিয়ে বলেন, আগুন-সন্ত্রাসসহ নৈরাজ্যের সাথে যারাই জড়িত তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, যারা স্পটে গিয়ে বাসে আগুন দিয়েছে তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে এবং যারা ঘটনাস্থলে ছিল না তাদের গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসময়  করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আশঙ্কা ব্যক্ত করে  সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার আহবান জানান।  তিনি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারাভিযান করারও পরামর্শ দেন।#

ARK-18