করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব করোনায় আক্রান্ত
-
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হয়ে দু’জনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ কারণে নাইজারে অনুষ্ঠিতব্য ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে তাদের যোগদানের কর্মসূচি বাতিল করা হয়েছে। নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের করোনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। তবে পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এ সময় করোনার কোনো লক্ষণ ছিল না।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
ওদিকে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যসহ এ পর্যন্ত প্রায় ১৫ জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার করা হয়। দুদিনের পরীক্ষায় প্রায় ১৩ জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে দুজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে প্রবাসী-কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার রয়েছেন।
করোনা আক্রান্ত সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন, ঢাকা ১০ আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা- ১৩ আসনের সাদেক খান, কিশোরগঞ্জ- ৩ আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট -১ আসনের শেখ হেলালউদ্দিন, বাগেরহাট ৩ আসনের হাবিবুর নাহার , পাবনা -৩ আসনের এমপি মকবুল হোসেন,পাবনা ৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস, লালমনিরহাট -১ আসনের মোতাহার হোসেন এবং নওগাঁ ২ আসনের শহিদুজ্জামান সরকার
এর আগে গত জুনে বাজেট অধিবেশনেও ১৭ জন সংসদ সদস্য ও ১০৫ জন কর্মকর্তা কর্মচারী করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।
এদিকে গত কয়েকদিন ধরেই দেশে করেনা সংক্রমণের সংখ্যা প্রতিদিন দু’হাজারের বেশী পাওয়া যাচ্ছে। তবে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ালে দৈনিক সনাক্তের সংখ্যাও যে বেশী পাওয়া যাবে তাতে কোন সন্দেহ নেই। তাছাড়া, লক্ষণ ছাড়াই কত মানুষ যে করোনা পজিটিভ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার কোন পরিসংখ্যান নেই সরকারের কাছেও।
করোনার প্রকোপ বৃদ্ধি সম্পর্কে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচীব) এর করোনা সেল-এর সমন্বয়ক ডাক্তার আনম মিনহাজুর রহমান বলেছেন, দু’মাস ধরে ডেডিকেটেট কোভিড হাসপাতালে দুই-তৃতীয়াংশ বেড খালি ছিল। এ সপ্তাহে তা পরিপূর্ণ হয়ে গেছে। পরিস্থিতির আরো অবনতি হলে হাসপাতালেই সিট মিলবে না।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডাক্তার জগদীশ চন্দ্র দাশ বলেছেন, শিশুদের মধ্যেও করোনা সংক্রমণ বাড়ছে।
চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, করোনা ছাড়াও শীতকালে নানাবিধ অসুখ-বিসুখ থেকে শিশুদের সুরক্ষার ব্যাপারে অভিভাবকদের একটু বেশী সতর্ক থাকত হবে।
জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সম্প্রতি জানিয়েছে,করোনাভাইরাসে আক্রান্ত প্রতি নয় জনের মধ্যে একজন শিশু ও কিশোর-কিশোরী রয়েছে। আক্রান্ত শিশুদের মাঝে হালকা উপসর্গ দেখা গেলেও সংক্রমণের হার বাড়ছে এবং দীর্ঘমেয়াদে শিশু ও তরুণদের পুরো একটি প্রজন্মের শিক্ষা,পুষ্টি ও সামগ্রিক কল্যাণের ওপর এর প্রভাব পড়ছে।
ইউনিসেফ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিশুরা একে অন্যের মাঝে ভাইরাস ছড়িয়ে দিতে পারে । শিশুদের মাঝে ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে স্কুলগুলোই প্রধান কারণ নয় । শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের বাইরে থেকেই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তবে, প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা কার্যকর থাকলে স্কুল বন্ধ রাখলে যে ক্ষতি হয়, তার চেয়ে বরং স্কুল খোলা রাখলে বেশি সুবিধা পাওয়া যায়।
এদিকে, বাংলাদেশে মহামারি করোনা ভাইরাসে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৫৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন করোনা রোগী।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে আরও ২ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩২ জন।#
ARK-26