করোনা আবার প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে: কাদের
বাংলাদেশে নতুন করোনা ! ব্রিটেনের নয়া ভাইরাসটির সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ!
বাংলাদেশে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিজ্ঞানীরা। করোনাভাইরাসের এই ধরনটির সঙ্গে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের মিল খুঁজে পেয়েছেন বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা।
সরকারি এ সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান আজ বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনাভাইরাসের নতুন এই ধরন শনাক্ত করেন। সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন যে একটি ধরন পাওয়া গেছে, সেটি আগের ধরনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ড. সেলিম খান বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে, তাতে ভাইরাসটির দুটি স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসটির ধরনে যে বৈশিষ্ট্য আছে, সেটির সঙ্গে বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে।’
বাংলাদেশের আগে এমন মিউটেশনের খবর রাশিয়া এবং পেরুতেও পাওয়া যায়। ওই দেশগুলোতে একটি করে নমুনায় এমন মিউটেশন পাওয়া গিয়েছিল। কিন্তু বাংলাদেশে মোট ১৭টি নমুনার মধ্যে ৫টিতেই এমন মিউটেশন পাওয়া গেছে বলে ড. সেলিম খান জানিয়েছেন।
বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে ওই নমুনাগুলো জেনোম সিকোয়েন্সের জন্য নিয়েছিলেন তারা। তবে কাদের কাছ থেকে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল, তা শনাক্ত করতে নমুনার তথ্য এরিমধ্যে ওই সেন্টারে পাঠানো হয়েছে।
ওবায়দুল কাদেরের সতর্ক বানী
এদিকে, করোনা নতুন করে আবার প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক–সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে। লন্ডন-ঢাকা-লন্ডন ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুতরভাবে মনিটর করা হচ্ছে।
সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই আজ বৃহস্পতিবার ১৬৫ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটে পৌঁছেছে। জনমনে শঙ্কা তৈরি হওয়ায় সেই ফ্লাইট জোরালোভাবে মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। #
ARK-24
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।