দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না: কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশে দ্বিতীয় ধাপের অনুষ্ঠেয় অতীতের মতো দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগামীকালকের দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে।
আজ (শুক্রবার) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান। ওবায়দুল কাদের বলেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিতে গিয়ে কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন সরকারকে নাকি জনগণ ক্ষমা করবে না। প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই জননেত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। বিএনপির সব কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে। দেশের মানুষ বিএনপিকে ক্ষমা করে নেই বলে তারা ক্রমান্বয়ে একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হচ্ছে। মানুষ তাদের ক্ষমা করেনি বলেই এখনও বিএনপির অতীতের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করছে।’
নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ কর্মী নিহত
চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত আশিকুর রহমান রোহিত (২২) নামে এক ছাত্রলীগ কর্মী চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরুর দিন ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন তিনি।
এদিকে শুক্রবার সকাল ১১টার দিকে আশিকুর রহমান রোহিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।