আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই বিএনপির ১২ বছর চলে গেল: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i87092-আন্দোলনের_লক্ষ্য_নির্ধারণ_করতেই_বিএনপির_১২_বছর_চলে_গেল_ওবায়দুল_কাদের
বিএনপির সমালোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেল, কিন্তু আন্দোলন হবে কোন বছর?’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১২:৫৪ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বিএনপির সমালোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেল, কিন্তু আন্দোলন হবে কোন বছর?’

আজ (মঙ্গলবার) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সালেহপুর সেতুর চার লেন বিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের অন্ধ সমালোচনা এবং সরকার পতনকেই নিজেদের কৌশল হিসেবে নিয়েছিল বিএনপি। জনগণও এখন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। দলীয় নেত্রীর মুক্তির জন্য তাদের আগ্রহ যতটা না বেশি, তার চেয়ে বেশি আগ্রহ সরকার বিরোধিতায়। বিএনপি নেতারা কী চান, তা তাঁরাও জানেন না।’

তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘খালেদা জিয়া বা তারেক রহমানের কাছে নয়, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আগুন সন্ত্রাস আর নেতিবাচক রাজনীতির জন্য জনগণের কাছেই ক্ষমা চাওয়া উচিত।‘

ওবায়দুল কাদের বলেন, ‘কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপির নেতারা এখন বলছেন, সংগঠনকে গুছিয়ে তারপর আন্দোলনে নামবেন। জনগণ এখন  বুঝে গেছে বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তাদের এমন অজুহাতেই একযুগ পেরোল। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেই তারা সীমাবদ্ধ।’

সেতুমন্ত্রী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘অপরাজনীতি এবং ষড়যন্ত্র ও অপপ্রচার না করে জনঘনিষ্ঠ ইস্যুতে মানুষের পাশে দাঁড়ান। বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাসী নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সভা-সমাবেশ, গণসংযোগ ঘোষণা করেছে। এটা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়।’

সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কগুলোতে সৌন্দর্য রক্ষায় অনতিবিলম্বে ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড সরিয়ে ফেলতে হবে। সড়কে চলমান যেসব কাজ চলছে, সেগুলো বর্ষার আগেই শেষ করতে হবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।