বিএনপির আন্দোলন দূর আকাশের নীলিমা, দেখা যায়, ছোঁয়া যায় না: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i87612-বিএনপির_আন্দোলন_দূর_আকাশের_নীলিমা_দেখা_যায়_ছোঁয়া_যায়_না_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন সুদূরপরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১২:৫৬ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন সুদূরপরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না।’

তিনি আজ (শুক্রবার) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্য ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে বিএনপি।’

'শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে'- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার নয়, বিএনপির রাজনীতি এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো। মিথ্যাচার তাদের রাজনীতি গ্রাস করেছে। নেতাদের ওপর কর্মীদের চরম আস্থাহীনতা। গঠনতন্ত্রে অযোগ্যতা বিষয়ক ধারা থেকে দুর্নীতিবাজ শব্দ বাদ দিয়ে বিএনপি আজ আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বলে প্রতিষ্ঠা করেছে নিজেদের।

বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘একদফা বলুন আর ১১ দফা বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। তথাকথিত এক দফার আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে।’

সরকার বিএনপিকে মাঠে নামতে দিচ্ছে না- এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা অভিযোগ করেন সরকার নাকি তাদের মাঠে নামতে দিচ্ছে না। আর অভিযোগ করছে তারা বরিশাল বিভাগীয় সমাবেশের মঞ্চ থেকেই। আমরা বলতে চাই, সরকার যদি না দিতে চাইতো তাহলে এ সমাবেশ আপনারা করলেন কী করে। তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করলো। ঢাকা শহরে প্রতিনিয়ত মিটিং-মিছিল করছে। চিরাচরিত মিথ্যাচারের তুবড়ি বাজাচ্ছে। মাঠে নামতে দিচ্ছে না সরকার—এ কথা বলে বেড়াচ্ছে। আসলে অতীতের ব্যর্থতায় সামনের নির্বাচন ও আন্দোলনে ভরাডুবি আঁচ করতে পেরে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাচ্ছে তারা।’

আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির।

ওবায়দুল কাদের বলেন, যেকোনো জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষের সঙ্গে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।