ঢাকার বুড়িগঙ্গার আদি চ্যানেলে নির্মিত ৭৪ স্থাপনা ৩ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i88880-ঢাকার_বুড়িগঙ্গার_আদি_চ্যানেলে_নির্মিত_৭৪_স্থাপনা_৩_মাসের_মধ্যে_উচ্ছেদের_নির্দেশ
বাংলাদেশের রাজধানী ঢাকার পরিবেশের উন্নয়েনের লক্ষ্যে হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেল-এর ওপরে নির্মিত ৭৪ স্থাপনা, মাটি ভরাট এবং দখল তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৯, ২০২১ ১১:৫২ Asia/Dhaka

বাংলাদেশের রাজধানী ঢাকার পরিবেশের উন্নয়েনের লক্ষ্যে হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেল-এর ওপরে নির্মিত ৭৪ স্থাপনা, মাটি ভরাট এবং দখল তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এক আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেন। ঢাকার জেলা প্রশাসক ও বিআইডব্লিউটি'র চেয়ারম্যানের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। উচ্ছেদ কাজে সহযোগিতা করতে পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় ও পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী আমাতুল করীম।

এর আগে, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) ২০০৯ সালে ঢাকার আশপাশে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা- এ চার নদীর দূষণ, অবৈধ দখল ও নদীগুলোর ভেতরে বিভিন্ন স্থাপনা নির্মাণের বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করে।

বাংলাদেশ হাইকোর্ট

ওই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ রায় দেয়। রায়ে সময়সীমা বেঁধে দিয়ে সিএস ও আরএস ম্যাপ অনুসারে নদীগুলোর সীমানা জরিপ করা, প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা, নদীগুলো রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন, সীমানা পিলার স্থাপন, নদী সীমানায় ওয়াকওয়ে নির্মাণ বা বৃক্ষরোপণ করতে বলা হয়।

এর ধারাবাহিকতায় হাজারীবাগ ও কামরাঙ্গীরচর বুড়িগঙ্গা এলাকায় আদি চ্যানেলের নদীর জায়গা উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদে নির্দেশনা চেয়ে গত বছরের ৬ অক্টোবর এইচআরপিবি হাইকোর্টে একটি আবেদন করে। এর শুনানি নিয়ে গত বছরের ১২ অক্টোবর হাইকোর্ট হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশে ‘আদি চ্যানেলে’ নদীর জায়গা সিএস/আরএস ম্যাপ অনুসারে তিন মাসের মধ্যে চিহ্নিত করতে নির্দেশ দেন।

এ প্রসঙ্গে আইনজীবী মনজিল মোরসেদ রেডিও তেহরানহকে জানান, এর আগে ২০০৯ সালে এ সংক্রান্ত যে রিট আবেদনটি করা হয়েছিল সেখানে বুড়িগঙ্গার আদি চ্যানেল বিষয়টি স্পষ্ট করা হয়নি। তাই নতুন করে এ নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা কার্যকর হলে ঢাকার পরিবেশ উন্নত হবে। 

উল্লেখ্য বুড়িগঙ্গার আদি চ্যানেল এলাকায় নদীর জায়গায় টিনশেড বাড়ি, চারতলা ভবন, একতলা ভবন, জায়গা দখল করে মাটি ভরাট, মসজিদের আংশিক স্থাপনাসহ ব্যক্তিমালিকানাধীন বাড়ি, হাসপাতাল, কারখানা ও সুপারমার্কেট স্থপন করা হয়েছে। স্থাপনাসহ এসব তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। নির্দেশনা অনুসারে পদক্ষেপ নিয়ে আগামী ২৬ জুনের মধ্যে ঢাকার জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে দখলকারীদের নাম–ঠিকানাসহ প্রতিবেদন হলফনামা আকারে ওই সময়ের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।