বাংলাদেশে এক মাসের ব্যবধানে দ্বিগুণ করোনা: জনসমাগম কমানোর পরামর্শ
মাত্র এক মাসের ব্যবধানে বাংলাদেশের সব হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও এ সংক্রমণ উপেক্ষা করে পুরাদমে চলছে নানা সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ, মিছিল-মিটিং, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা। এ অবস্থায় জনসমাগম কমাতে আজ (রোববার) থেকে জেলায় জেলায় পুলিশি তৎপরতা বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছর ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ একদিনে যেখানে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের, সেখানে ঠিক এক মাস পর ১৯ মার্চ মৃত্যু হয়েছে ১৮ জনের। একইভাবে হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যায় রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৭২ জন।
আজ (রোববার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মাস্ক নিয়ে মশকারা
করোনার সংক্রমণ বাড়লেও, কোনোভাবেই নিয়মের মধ্যে আসছে না মানুষ। মাস্ক পরার অনীহা চরম আকারে ধারণ করেছে। রাজধানীর বাইরেতো বটেই, খোদ ঢাকাতেই নানা অজুহাতে মুখে থাকছে না মাস্ক। তবে সুরক্ষার মাস্ক হয়ে গেছে সৌন্দর্য্য বর্ধণের নতুন অনুষঙ্গ। কখনও গলায়, কখনও কানে, কখনও আবার মাস্ক থাকছে চিবুকেই। কেউবা ঝুলিয়েছেন হাতে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ মনে করেন, করোনার এ উর্দ্ধগতির মাঝে যারা এখনো করোনা আক্রান্ত হয় নাই, যারা হয়ে ভালো হয়ে গেছে, যারা ভ্যাকসিন নিয়েছে, যারা নেয়নি- সবাই এখন ঝুঁকির মধ্যে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করাতেই করোনা নিয়ে আবারো মহাসংকটে পড়তে যাচ্ছে দেশ।
স্বাস্থ্য অধিদফতরে রোগনিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, এরই মধ্যে ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনার অস্তিত্ব মিলেছে বাংলাদেশে ১৬ জনের দেহে। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে জনসমাগম সম্পূর্ণ বন্ধ করতে সরকারকে পরামর্শ দেবেন তারা।
ছুটি নিয়ে বিভ্রান্তি
এদিকে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির ব্যাপারে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রচার করা হচ্ছে সেটিকে ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জরুরি বার্তায় উল্লেখ করেন, “লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এ বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।