ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভে গুলি: নিহত ৫, আহত ১৩
https://parstoday.ir/bn/news/bangladesh-i89264-ব্রাহ্মণবাড়িয়ায়_মোদিবিরোধী_বিক্ষোভে_গুলি_নিহত_৫_আহত_১৩
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২৭, ২০২১ ১৭:২২ Asia/Dhaka
  • ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভ
    ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী বিক্ষোভ

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুলিশ ও বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

আজ (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নন্দনপুরের হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে বাদল মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২), সদর উপজেলার কাউসার মিয়া (২৪) ও জোবায়ের (১৪)।

সংঘর্ষের এ ঘটনায় আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিন, বাছির মিয়া ও ছাদেক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বুধল ইউনিয়ন থেকে বিকেল চারটার দিকে হেফাজতে ইসলামের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পৌঁছালে পুলিশ ও বিজিবির সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় স্থানীয় লোকজনও হেফাজতের মিছিলে যোগ দেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলেন। পরে বিজিবি ও পুলিশ গুলি ছোড়ে। গুলিবিদ্ধ কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।#

পার্সটুডে/এআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।