দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে হেফাজতকে মদদ দিয়েছে বিএনপি ও জামাত: তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i89560-দেশের_পরিস্থিতি_অস্থিতিশীল_করতে_হেফাজতকে_মদদ_দিয়েছে_বিএনপি_ও_জামাত_তথ্যমন্ত্রী
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে নৈরাজ্য সৃষ্টিতে যুক্ত থাকা ও অপরাধীদের আড়াল করার অপচেষ্টার দুই অপরাধে অপরাধী বলে অভিহিত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২১ ১৪:৫৬ Asia/Dhaka
  • বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ
    বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে নৈরাজ্য সৃষ্টিতে যুক্ত থাকা ও অপরাধীদের আড়াল করার অপচেষ্টার দুই অপরাধে অপরাধী বলে অভিহিত করেছেন।

বিএনপির দায়িত্বহীন রাজনীতি এবং অপরাধীদের লালন-পোষণের কারণেই এই সমস্ত অপশক্তি মাথাচাড়া দেয়ার সুযোগ পায়, উল্লেখ করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত সংখ্যক সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে প্রশ্নের জবাবদানকালে তিনি একথা বলেন।

বিরোধীদলেরও দেশের প্রতি দায়িত্ব আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, 'আমি অনুরোধ জানাবো, কোনো ভুল দেখলে গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো কথা বলবেন না।' বিএনপি মহাসচিবের মন্তব্য 'সরকার সমর্থিত লোকেরাই সাম্প্রতিককালে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে ও নিপুণ রায়ের ফোনালাপ সরকারের বানানো' এর জবাবে ড. হাছান  বলেন, 'নৈরাজ্যের ঘটনাগুলো কারা ঘটিয়েছে, তা পত্রপত্রিকাসহ সব গণমাধ্যমে আছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের ব্যানারে এইসব ঘটানো হয়েছে। আর এদের মদদ দিয়েছে বিএনপি ও জামাত, যার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বিএনপি'র নিপুণ রায়ের ফোনালাপ।'

ওস্তাদ আলাউদ্দীন খাঁর বাড়িতে হামলা, ধর্মপ্রাণ সাধারণ মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া, মানুষের দলিল যেখানে সংরক্ষিত থাকে, সেই ভূমি অফিসে আগুন দিয়ে দলিল-দস্তাবেজ পুড়িয়ে দেয়া- এগুলো  একাত্তরে পাক হানাদার বাহিনী  করতো, এমনটি উল্লেখ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান।

করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সবাই পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।