করোনা মোকাবেলায় এবারও সরকার হ-য-ব-র-ল অবস্থায়: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i89752-করোনা_মোকাবেলায়_এবারও_সরকার_হ_য_ব_র_ল_অবস্থায়_বিএনপি
বাংলাদেশে করোনা সংক্রমণ মোকাবেলায় গতবারের মতো এবারও সরকার হ-য-ব-র-ল অবস্থায় পড়েছে বলে মন্তব্য করছে বিরোধী দল বিএনপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৯, ২০২১ ১৩:০২ Asia/Dhaka
  • করোনা মোকাবেলায় এবারও সরকার হ-য-ব-র-ল অবস্থায়: বিএনপি

বাংলাদেশে করোনা সংক্রমণ মোকাবেলায় গতবারের মতো এবারও সরকার হ-য-ব-র-ল অবস্থায় পড়েছে বলে মন্তব্য করছে বিরোধী দল বিএনপি।

আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বি এন পি’ র  সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গত মাসের (মার্চ ২০২১) শুরুতে সংক্রমণ বাড়ার সময় থেকেই বিশেষজ্ঞ মহল সরকারকে সতর্ক করে দিয়ে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও সরকার মূলত উৎসব আয়োজন নিয়ে ব্যস্ত থেকেছে। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, বাস্তবতা হল সরকারি অব্যবস্থাপনায় লকডাউন বা নিষেধাজ্ঞা কোনটাই মাঠ পর্যায়ে কার্যকর হচ্ছে না। বরং সরকারের পরস্পরবিরোধী পদক্ষেপে মানুষ করোনা ঝুঁকির মধ্যে পড়ছে। সর্বত্রই লেজেগোবরে অবস্থা। নানা দুর্ভোগে পড়েছে জনগণ। 

তিনি বলেন, সরকার আলাপ-আলোচনার পরিবর্তে গুলি করে লাশ ফেলে জন-বিক্ষোভকে  দমন করতে চায়। সরকারের একজন পদস্থ কর্মকর্তার উপস্থিতিতে তাঁর কর্মচারী কর্তৃক এক দোকান কর্মচারীকে অমানবিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে ফরিদপুরের সালথায় গণ-বিক্ষোভ হলেও সেখানে গুলি করে মানুষ হত্যা ও চার হাজার মানুষকে আসামি করে মামলা দায়েরের ঘটনায় এটি পরিষ্কার যে, সরকারের পায়ের নিচে শেষ মাটিটুকুও আর অবশিষ্ট নেই।

রাজধানীতে বিক্ষোভ 

এদিকে, রাজধানীর গুলিস্তান এলাকায় দোকানদারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিসি কাউন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেয়ার দাবিতে বেলা ১১টার দিকে গুলিস্তান এলাকায় ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে দোকানিরা ফুলবাড়িয়া সুপার মার্কেট–২–এর সামনে মানব-বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

এরপর তাঁরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে দোকানিরা ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে পুলিশ তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে। পরে দোকানিরা ওই এলাকা ছেড়ে চলে যান। 

দাবীর মুখে গণ-পরিবহন চালু 

ওদিকে, লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস সীমিত আকারে খোলা থাকার কারণে গণপরিবহন সঙ্কটে পড়েন চাকরিজীবীসহ সাধারণ মানুষরা। জনগণের দাবির মুখে জনস্বার্থে দুর্ভোগ কমাতে সরকার ঢাকাসহ দেশের সব সিটি কর্পোরেশনে আজ বুধবার সকাল ৬ টা থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত জানিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই একদিনের মধ্যে দূরপাল্লার বাস সার্ভিস চালুর ব্যাপারে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তিকর মন্তব্য করেছেন যা মোটেও সত্য নয়। সেতুমন্ত্রী বলেন, ‘পরিবহন মালিক শ্রমিকদের কাছে নতি স্বীকার করে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে কেউ কেউ যে অভিযোগ করছে তা সঠিক নয়।’

রাইড শেয়ার  চালু রাখার  দাবী 

অপরদিকে নির্বিঘ্নে মোটরসাইকেলে রাইড শেয়ার সেবা চালু রাখার দাবিতে রাজধানীর মগবাজার চার রাস্তার মোড়ে বিক্ষোভ করছেন রাইড শেয়ারিংয়ের চালকেরা।
বিক্ষোভকারীরা জানান, লকডাউনের মধ্যে সবকিছু নির্বিঘ্নে চলছে, অথচ রাইড শেয়ারিং চালকদের বাধা দিচ্ছে পুলিশ। আরোহী নিলেই দেয়া হচ্ছে মামলা #

ARK-7