করোনাভাইরাস: বাংলাদেশের ইতিহাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড ১০১
https://parstoday.ir/bn/news/bangladesh-i90204-করোনাভাইরাস_বাংলাদেশের_ইতিহাসে_একদিনে_মৃত্যুর_নতুন_রেকর্ড_১০১
বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা একদিনে একশ’ অতিক্রম করার রেকর্ড  সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। জানানো হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৬, ২০২১ ১৩:১৩ Asia/Dhaka
  • করোনাভাইরাস: বাংলাদেশের ইতিহাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড ১০১

বাংলাদেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা একদিনে একশ’ অতিক্রম করার রেকর্ড  সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। জানানো হয়।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯০৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। গতকাল করোনায় ৯৪ জনের মৃত্যু হয়েছিল। আর ৪ হাজার ১৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ১৮২ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে শনাক্তের হার কমতে শুরু করে।

গত জুন থেকে আগস্ট- এই তিন মাস করোনার সংক্রমণ ছিল তীব্র। মাঝে নভেম্বর-ডিসেম্বরে কিছুটা বাড়লেও বাকি সময় সংক্রমণ নিম্নমুখী ছিল। এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ বেশ কিছু বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে ঘরের বাইরে গেলে মাস্কের ব্যবহার অন্যতম। কিন্তু সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকলেও জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।