একটি মাত্র উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী: ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের বিরোধী দল বিএনপি বলছে, মাত্র একটি প্রতিষ্ঠানকে টিকা সংগ্রহের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। একটি মাত্র উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করার সিদ্ধান্ত যে আত্মঘাতী হতে পারে, সে বিষয়ে বিএনপি বরাবরই সতর্ক করে এসেছে।
আজ (সোমবার) দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার নিজে টিকা আমদানি না করে শুধু আর্থিক স্বার্থ হাসিলের জন্য দলীয় পছন্দমতো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে কেবল একটিমাত্র প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তা সংগ্রহ করতে অগ্রিম মূল্য পরিশোধ করেছে।
মির্জা ফখরুল বলেন, এখন ভারত সরকারের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণে সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী টিকা পাঠাতে অপারগতা জানিয়েছে।
বিএনপির মহাসচিবের ভাষ্য, সরকার এখন অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে টিকার জন্য। অথচ এক বছর আগেই বিএনপি এ বিষয়ে প্রস্তাব দিয়েছিল। সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে সমগ্র জাতিকে চরম স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে নিজেদের অযোগ্যতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির প্রমাণ দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
জনগণকে চরম অনিশ্চয়তা ও জীবনের ঝুঁকি তৈরি করার অপরাধে সরকারকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যমন্ত্রীর এ ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬