ব্যর্থতার দায়ে বিএনপি নেতাদের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত: কাদের
-
শেরে বাংলার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের
একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে বিএনপি নেতাদের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে তাঁর সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন এবং নির্বাচনেও ব্যর্থ। দেশে এমন কোনও পরিস্থিতি নেই, যেখানে আন্দোলন করতে হবে। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে।’
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের কাছে এখন কোনো ইস্যু নেই। তাদের রাজনীতি হচ্ছে সরকারবিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা।
সেতুমন্ত্রী বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেন না। তবে শেরে বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাঁদের পথ অনুসরণ করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে দিনরাত্রি পরিশ্রম করে যাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে, তা বাংলাদেশেও আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ।
করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দলমত-নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
শেরে বাংলা এ কে ফজলুল হককে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হক অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। তাঁর রাজনীতির মূল মন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা।’
জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন