‘বিএনপির আমলে বাবা-মায়ের দাফনের সুযোগও পায়নি আ. লীগের নেতাকর্মীরা’
-
ওবায়দুল কাদের
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়ি-ঘরে যেতে পারেনি, সেই ইতিহাস বেশিদিন আগের নয়। বিএনপির আমলে মা-বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি, দাফন-কাফনের শেষ সুযোগটুকুও দেওয়া হয়নি। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থায়ও গ্রেপ্তার করা হয়েছিল। বিএনপির আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার।’
রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এক যুগ ধরে বিএনপির নেতাকর্মীদের ঈদ নেই, বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা কি ভুলে গেছেন, ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে নির্মম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলেন?’
বিএনপির উচিত আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়া : তথ্যমন্ত্রী
এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার তো হাসপাতালে নয়, কারাগারে ঈদ উদযাপন করার কথা ছিল। কারণ, তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে কারাগার থেকে মুক্তি দিয়েছেন শাস্তি স্থগিত রেখে। এজন্য বিএনপির উচিত আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়া।’
আজ সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
শুক্রবার ঈদের দিন জিয়াউর রহমানের কবর জিয়ারত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, একদিকে ভয়াবহ করোনা, অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার-নির্যাতনের কারণে ঈদ পালিত হচ্ছে অত্যন্ত কষ্টের মধ্যে, দুঃসময়ের মধ্যে।
এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, পবিত্র ঈদের দিনও বিএনপি এবং বিএনপির মহাসচিব হীন রাজনৈতিক বক্তব্য থেকে বেরিয়ে আসতে পারেননি। পবিত্র ঈদের দিনও তিনি বিষোদগারের রাজনীতিটা অব্যাহত রেখেছেন। অন্তত ঈদের দিনে বিষোদগারের, দোষারোপের রাজনীতি থেকে বিরত থাকা উচিত ছিল। তাও করেছেন আবার জিয়াউর রহমানের তথাকথিত কবরে গিয়ে। ঈদের দিনে তাঁরা জিয়াউর রহমানের কবরে যান। নিজের আত্মীয়স্বজন, মুরব্বিদের কবরে যান কি না, জানি না। সেখানেই বক্তব্য দিয়েছেন, বিষোদগারের রাজনীতিটা করেছেন।
মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি বলেছেন, ১২ বছর ধরে তাঁদের ঈদ নেই। তাঁরা আসলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। কারণ, খালেদা জিয়ার যে মিথ্যা জন্মদিন এত পালন করেছেন, তা তো ফাঁস হয়ে গেছে করোনা টেস্টের রিপোর্টে। এজন্য তাঁরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। গত বারো বছরে বাংলাদেশের মানুষ যে আনন্দ-উল্লাসে ঈদ পালন করেছে তা অভাবনীয়।’
ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘গতকাল মহামারি করোনার মধ্যে দ্বিতীয়বারের মতো ঈদুল ফিতর উদযাপন করতে হয়েছে। আশা করি আগামীবার আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারব।’#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।