ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার মিরপুরে বিক্ষোভ মিছিল
-
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার মিরপুরে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে বিক্ষোভ হয়েছে। কেন্দ্রীয় শিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু হয়।
মিরপুর কেন্দ্রীয় শিয়া মসজিদে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা ইসরাইলি হামলা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। মিরপুর শিয়া মসজিদের খতিব মাওলানা আবতাব হোসেন নাকাভী বলেন, বিশ্ব বিবেককে উপেক্ষা করে ফিলিস্তিনে হামলা চালানো হচ্ছে। তিনি স্থায়ীভাবে ইসরাইলি এই হামলা বন্ধের আহ্বান জানান।
এ বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তারা আরো বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলাকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে এর বিচার দাবি করেন। শিশুসহ ফিলিস্তিনের নিরীহ নারী-পুরুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে আসছে দখলদার ইসরাইল। অথচ জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলো ‘নীরবতা’ পালন করে আসছে। এ বিক্ষোভে সংগঠনগুলোর নেতা–কর্মীরা ছাড়া সাধারণ মুসল্লিরাও যোগ দেন।
এছাড়া ইসরাইল বিরোধী বিক্ষোভকারীরা পবিত্র মদিনার জান্নাতুল বাকী কবরস্থান ধ্বংসের বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নেন।
৮ শাওয়াল ইসলামের ইতিহাসের এক গভীর শোকাবহ দিন। ৯৮ চন্দ্র-বছর আগে এই দিনে ওয়াহাবি ধর্মদ্রোহীরা পবিত্র মক্কা ও মদিনায় ক্ষমার অযোগ্য পাপাচার ও নজিরবিহীন ধর্মান্ধতা এবং বর্বরতায় লিপ্ত হয়েছিল। ফলে স্তম্ভিত ও মর্মাহত হয়েছিলেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মপ্রাণ মুসলমানরা যখন পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ নিষ্পাপ উত্তরসূরির পবিত্র মাজার জিয়ারত করছিলেন তখন ওয়াহাবি দুর্বৃত্তরা সেখানে ভাঙ্গচুর ও লুটপাট অভিযান চালায় এবং ওই নিষ্পাপ ইমামদের পবিত্র মাজারের সুদৃশ্য স্থাপনা ও গম্বুজগুলো মাটির সঙ্গে গুড়িয়ে দেয়।
এরপর বর্বর ও ধর্মান্ধ ওয়াহাবিরা আরো কয়েকটি পবিত্র মাজারের অবমাননা করে এবং এইসব মাজারের গম্বুজ ও স্থাপনাগুলো ভেঙ্গে-চুরে ইসলাম অবমাননার ন্যক্কারজনক তাণ্ডব চালায়। এইসব মাজার ছিল বিশ্বনবী (সা.)'র ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন,সাহাবি, স্ত্রী, বংশধর ও খ্যাতনামা আলেমদের।#
পার্সটুডে/আবুসাঈদ/
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।