বাংলাদেশে করোনাভাইরাসে আরো ২৫ জনের মৃত্যু, শিক্ষার্থীদের মানববন্ধন
বাংলাদেশে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৪১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। এর আগের দিন করোনায় মৃত্যু হয় ২৮ জনের এবং সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৫৪ জনের।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন
ওদিকে, সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয় এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ আজ সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রেস বিফিংয়ে এ ঘোষণা দেন। প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব ও সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। জেলা প্রশাসক জানান, সম্প্রতি জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ৫০ শতাংশের বেশি।
পরিস্থিতি অবনতি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাক্রমে আজ দিবাগত রাত ১২টা থেকে লকডাউন দেওয়া হয়েছে। জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে সাত দিনের জন্য জেলাজুড়ে লকডাউন কার্যকর করা হবে। লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। রাজশাহী ও নওগাঁ থেকে কোনো যানবাহন চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না, চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ গণমাধ্যমকে এখন আমের ভরা মৌসুমে আমের বাজার বসবে। তবে সেটা ছড়িয়ে–ছিটিয়ে বসতে হবে। আম পরিবহনের ক্ষেত্রে বাগান থেকে আম ট্রাকে করে পরিবহন করা যাবে, সেই সঙ্গে কুরিয়ারের মাধ্যমে আম পরিবহন করা যাবে। কলকারখানা নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। শ্রমিকদের নিজস্ব ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে।
শিক্ষার্থীদের মানববন্ধন
অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা ‘সেশনজট, ক্লাস-পরীক্ষা বন্ধ, চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়া, অর্থনৈতিক সংকট শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ব্যাপক হারে বৃদ্ধি করেছে।
শিক্ষার্থীদের পরিচয়ের সংকট তৈরি হচ্ছে। দীর্ঘদিন হল–ক্যাম্পাস বন্ধ থাকায় বিভিন্ন কারণে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। একসময় আমাদের মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ারও সম্ভাবনা দেখা দিয়েছে।’ শিক্ষার্থীদের মধ্যে জন্ম নিয়েছে অশিক্ষা, অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অসামাজিক কার্যকলাপে ছড়িয়ে পড়া। দীর্ঘদিন দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চশিক্ষায় নেমে এসেছে স্থবিরতা।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।