বাংলাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশে করোনা মহামারির মধ্যে প্রধান বিরোধী দল বিএনপি’র নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে আজ সোমবার (২১ জুন)। একই সাথে অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর-২ ,ঝালকাঠি ও সেতাবগঞ্জ পৌরসভায় ভোট।
বিকাল পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, বরিশাল, ভোলা এবং লক্ষীপুর জেলায় নির্বাচনী সহিংসতায় দু’জন নিহত এবং অন্তত ত্রিশজন আহত হয়েছেন ।
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষে এক প্রার্থীর চাচা নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ভোট গ্রহণ সাময়িক স্থগিত রাখার পর পুনরায় বেলা সোয়া দুইটায় তা শুরু হয়। ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে গুলিতে একজন নিহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরফকিরা কো-এড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ সংঘাতের মধ্যে আরও অন্তত দুই জন আহত হয়েছেন বলে জেলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানিয়েছেন।
অনুরূপভাবে, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় এ ঘটনা ঘটে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। আহত আটজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দফায় ৩৭৩ ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা হলেও, করোনা পরিস্থিতে ১৬৩ টি স্থগিত হওয়ায় শেষ পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে ২০৪টি ইউনিয়নে। এরমধ্যে ২৮ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।