সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চাইল বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i93930-সৌদি_আরবে_কর্মরত_নারী_গৃহকর্মীদের_নিরাপত্তায়_সহায়তা_চাইল_বাংলাদেশ
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চেয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২৯ জুন) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদের সঙ্গে সাক্ষাৎকালে এ সহায়তা কামনা করেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ৩০, ২০২১ ০২:৫১ Asia/Dhaka
  • সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চাইল বাংলাদেশ

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চেয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২৯ জুন) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদের সঙ্গে সাক্ষাৎকালে এ সহায়তা কামনা করেন তিনি।

সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের অনেকে যৌন নির্যাতনসহ বিভিন্ন কারণে গৃহকর্তার বাসা থেকে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নেন। রাষ্ট্রদূত পালিয়ে আসা গৃহকর্মীদের ডিপোর্টেশন সেন্টার অথবা সেইফ হাউজে জায়গা দেওয়ার জন্য পুলিশের সহায়তা কামনা করেন। গভর্নর এ বিষয়ে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত পূর্বাঞ্চলীয় প্রদেশের হাসপাতালের মর্গে যেসব অবৈধ অভিবাসীর মরদেহ সংরক্ষিত রয়েছে তার ফি মওকুফের অনুরোধ জানান। এ সব অবৈধ অভিবাসীর মরদেহ দেশে পাঠানোর জন্য দূতাবাসের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও হাসপাতালের ফির জন্য মরদেহ দেশে পাঠানো অথবা সৌদি আরবে দাফনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বলেন, করোনাকালীন অনেক শ্রমিক সৌদি আরবে চাকরিচ্যুত হয়ে অবৈধ হয়ে পড়েছে। এসব অবৈধ অভিবাসী দেশে ফিরে যাওয়ার জন্য ফাইনাল এক্সিটের আবেদন করেছেন। কিন্তু তাদের ফাইনাল এক্সিট প্রদান ধীর গতিতে সম্পন্ন হওয়ায় তারা দেশে যেতে পারছেন না। এ অবস্থায় তাদের জন্য সৌদি আরব থাকা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রদূত অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি দ্রুত সম্পন্ন করতে গভর্নরকে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত সম্প্রতি একজন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া ও দেশে ফেরত পাঠানোর জন্য গভর্নরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন জেলে প্রায় ২৪৫ জন বাংলাদেশি বন্দি রয়েছেন উল্লেখ করে তাদের মধ্যে কেউ ক্ষমার যোগ্য হলে তাকে ক্ষমা প্রদান করার জন্য গভর্নরকে অনুরোধ করেন।

এছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির স্কুলের স্থায়ী ভবন নির্মাণে জমি ক্রয়ের ব্যাপারে রাষ্ট্রদূত গভর্নরের সহায়তা কামনা করেন। তিনি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে পর্যটন বৃদ্ধিরও আহ্বান জানান।

জাবেদ পাটোয়ারী মঙ্গলবার (২৯ জুন) সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুরাইশের সঙ্গেও বৈঠক করেন। তিনি এ অঞ্চলে বসবাসরত বাংলাদেশি গৃহর্কমীদের যেকোনো বিপদে সহায়তা করার অনুরোধ জানান। পুলিশ প্রধান সহায়তার আশ্বাস দেন ও বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।