মিডিয়ায় ঝড় তোলাই বিএনপির স্বভাব: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i94360-মিডিয়ায়_ঝড়_তোলাই_বিএনপির_স্বভাব_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, যেকোনো দুর্যোগ ও সংকটে নিরাপদ দূরত্বে অবস্থান করে মিডিয়ায় ঝড় তোলাই বিএনপির স্বভাব। করোনাকালেও এর ব্যতিক্রম ঘটেনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০৯, ২০২১ ১৪:১৫ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, যেকোনো দুর্যোগ ও সংকটে নিরাপদ দূরত্বে অবস্থান করে মিডিয়ায় ঝড় তোলাই বিএনপির স্বভাব। করোনাকালেও এর ব্যতিক্রম ঘটেনি।

চলমান করোনা সংকট নিয়ে বিএনপির পাঁচ দফা প্রস্তাব প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যাক্ত করে ওবায়দুল বলেন, এগুলোর অধিকাংশই ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন রয়েছে। বিএনপির প্রস্তাব চর্বিতচর্বণ, যাতে সংকট উত্তরণের জন্য নতুন কিছু নেই।’

আজ (শুক্রবার) নিজ সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারি দলের এ নেতা জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছেন, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে পাঁচ দফা প্রস্তাব দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি এরপর একদিন বলতে শুরু করবে সরকার বিএনপির পাঁচ দফা প্রস্তাব মানলে পরিস্থিতির আরও উন্নতি ঘটত। সরকারকে পরামর্শ দিলেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের দায়িত্ব কী তা নিয়ে একটি কথাও বলেনি।

ওবায়দুল কাদের বলেন, এখন রাজনীতি হচ্ছে মানুষের সুরক্ষার পাশাপাশি অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো কিন্তু বিএনপি করোনাকালেও প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে।

নেতিবাচক রাজনীতির কারণে নির্বাচন ও আন্দোলনে বিএনপির ব্যর্থতা স্পষ্ট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মেরুদণ্ড ভেঙে গেছে এবং সংগঠন হয়ে গেছে দুর্বল, তাই অনেকেই মনে করেন বিএনপি শেষ হয়ে গেছে।

'বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হতে পারে কিন্তু আওয়ামী লীগ বিরোধী বলয় হিসেবে তারা মোটেই দুর্বল নয়' উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন আওয়ামী লীগ বিরোধী সব শক্তির অভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি এবং তারা স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও উন্নয়নবিরোধী সব অপশক্তির মোহনা। এ দেশের রাজনীতিকে কলুষিত করতে জনগণ ও দেশের সম্পদ ধ্বংস এবং লুণ্ঠনে বিএনপি নেতৃত্বাধীন শক্তি এখনও সক্রিয়।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, বিএনপি দেশের এই সংকটে মানুষের পাশে তো দাঁড়ায়নি, স্বাস্থ্যবিধি সম্পর্কে ন্যূনতম কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন করতেও দেখা যায়নি।

ওবায়দুল কাদের মহামারি থেকে উত্তরণ ও জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় দলমত-নির্বিশেষে সবাইকে ঐকবদ্ধ হয়ে অদৃশ্য শত্রু মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।