খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ, সিদ্ধান্ত ৫ সেপ্টেম্বর
খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি যাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত, তাঁদের পরিবারের সদস্যদেরও যেন টিকা দেওয়া হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্কুলের ছেলেমেয়েদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য ফাইজারের কিছু টিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে। আরও আসবে। মডার্নার টিকার জন্যও চেষ্টা চলছে। তিনি বলেন, ইতিমধ্যে ছয় কোটি টিকার টাকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার পরও অনেকের করোনা হয়। এ জন্য নিজেকে সুরক্ষিত রাখা এবং নিজে সাবধানে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা-সেগুলোর দিকেও সবাইকে দৃষ্টি দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আশা করেছেন শিক্ষামন্ত্রী
এদিকে, শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সকালে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। স্কুল খুলে দেওয়ার ব্যাপারে দীপু মনি বলেন, ‘স্কুলগুলো খোলার জন্য বিজ্ঞানসম্মতভাবে বলা হয়, শতকরা পাঁচ ভাগ বা তার নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়। কিন্তু আমাদের এখানে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং আমাদের শিক্ষার্থীরা অধিকাংশই তাদের বাড়িতেও অনেক বেশি স্বল্প পরিসরে অনেকের সঙ্গে বসবাস করছে। তারপরে দীর্ঘদিন ধরে বন্ধ আছে, তাদের শারীরের সঙ্গে মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনার বিষয়।
মেডিকেল কলেজ খোলা হবে ১৩ সেপ্টেম্বর থেকে
এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খোলা হচ্ছে দেশের সব মেডিকেল কলেজ। এর আগে সব শিক্ষক, শিক্ষার্থী ও কলেজগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ টিকা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনার আলোকে টিকা কার্যক্রম জোরদার করেছি। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বুধবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল-কলেজ খোলার পর করণীয় কী কী হবে সেসব বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। সে ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায় সে সংক্রান্ত কিছু পরিকল্পনা তৈরি করা হয়েছে। এসব পরিকল্পনা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এরপর সব সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।