নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক সমাপনী পরীক্ষা
https://parstoday.ir/bn/news/bangladesh-i96994-নভেম্বরের_শেষে_কিংবা_ডিসেম্বরের_শুরুতে_প্রাথমিক_সমাপনী_পরীক্ষা
বাংলাদেশে করোনা সংক্রমনের কারণে বন্ধ থাকা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৩:১৮ Asia/Dhaka
  • নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক সমাপনী পরীক্ষা

বাংলাদেশে করোনা সংক্রমনের কারণে বন্ধ থাকা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

তবে পরিস্থিতি বিবেচনায় নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক সমাপনী পরীক্ষা হতে পারে। সরকারের এ  পরিকল্পনার কথা জানিয়ে  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন,  সংক্ষিপ্ত সিলেবাসে সমাপনী পরীক্ষা নেওয়া হবে। ‘কতগুলো বিষয়ের ওপর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা হবে, সেটা পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে।’ এ সময় প্রাথমিক পর্যায়ের সব বার্ষিক পরীক্ষাও এ বছর নেওয়া হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী

আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপনের তথ্য জানাতে আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন এই কথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে গতকাল (রোববার)  এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ১২ সেপ্টেম্বর থেকে পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস প্রতিদিন হবে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে সপ্তাহে একদিন করে ক্লাস হবে। দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত বছর পঞ্চমের প্রাথমিক সমাপনী আর অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষার পাশাপাশি বার্ষিক পরীক্ষাও হয়নি। শিক্ষার্থীদেরও আগের রোলে উপরের  ক্লাসে তুলে দেওয়া হয়।

বিষয় : টিকাদান

এদিকে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসায় ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে বাংলাদেশের পক্ষ থেকে অনুমোদন চাওয়া হয়েছে।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা যেহেতু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছি, কাজেই ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকা দেব। তবে এর আগে আমাদের ডব্লিউএইচও'র অনুমোদন নেব। মাত্র ২২টি দেশে ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে অথবা টিকাদান শুরু হয়েছে। বিভিন্ন দেশে শিশুদের ওপর বিভিন্ন ধরনের টিকার ট্রায়াল চালানো হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিষয়ক কারিগরি কমিটির সদস্যরা ১২ বছর বয়সী শিশুদের শুধুমাত্র ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেছে। শিক্ষামন্ত্রী দীপু মনি শুক্রবার জানান, সরকার ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য উপযুক্ত ভ্যাকসিন জোগাড়ের চেষ্টা করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ৮ সেপ্টেম্বর শুরু

করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ও ১১ সেপ্টেম্বর থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। এছাড়া অন্যান্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার সময় তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। চলতি বছরের ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারী পরিস্থিতির অবনতির কারণে ১৮ মে তা স্থগিত করে দেয় কর্তৃপক্ষ।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।