আফগানিস্তান প্রসঙ্গ
এখনই তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ
বাংলাদেশ এখনই আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিচ্ছে না। এমনটাই জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা এখনই আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি না। নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে।
মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়। তিনি তালেবানের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। প্রায় দুই দশক ধরে তালেবানের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ শুরা কাউন্সিলের নেতৃত্বে ছিলেন আখুন্দ।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।