নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির সিরিজ বৈঠক: ষড়যন্ত্র হিসেবে দেখছেন ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i97652-নির্বাহী_কমিটির_সদস্যদের_সঙ্গে_বিএনপির_সিরিজ_বৈঠক_ষড়যন্ত্র_হিসেবে_দেখছেন_ওবায়দুল_কাদের
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ হিসেবে আজ (২১ সেপ্টেম্বর) থেকে শুরু করছে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে তিন দিনব্যাপী সিরিজ বৈঠক। দ্বিতীয় দফার এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ১৩:২৯ Asia/Dhaka

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ হিসেবে আজ (২১ সেপ্টেম্বর) থেকে শুরু করছে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে তিন দিনব্যাপী সিরিজ বৈঠক। দ্বিতীয় দফার এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর  আগে, ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়েছে। জানা গেছে, আজ  থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার সিরিজ বৈঠকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে মোট ৩৬৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।  

এ বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বারের বৈঠকেও নিরপেক্ষ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মতামত শোনা হবে।

বিএনপি মহাসচিব জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করা এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিকশনের তত্বাবধানে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করার লক্ষ্যে কৌশল নির্ধারনের জন্যই এসব ধারাবাহিক বৈঠক  অনুষ্ঠিত হচ্ছে।

তবে, বিএনপি’র এরকম ধারাবাহিক সাংগঠনিক সভাকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাধারণর সম্পাদন ওবায়দুল কাদের।

নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধানের আলোকে: মৎস্য মন্ত্রী

অপরদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির নিতান্ত মুর্খতা। প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচন কমিশন।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়ার উপজেলায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংবিধানে নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে কিছু নেই। অতিতে থাকলেও দেশের সর্বোচ্চ আদালত বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কোনো বিধান নেই। বিএনপি, তাদের জোট ও সহযোগিদের দাবি সংবিধান পরিপন্থী। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে, তা কখনও সম্ভব নয়।

নিরপেক্ষ নির্বাচন কমিশন বিএনপির মূল লক্ষ্য নয়ঃ ইনু

ওদিকে,  সরকারের সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ নেতা হাসানুল হক ইনু বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) বিএনপির মূল লক্ষ্য নয়, তাদের উদ্দেশ্যে দুর্নীতিবাজ তারেক-খালেদা জিয়া, যুদ্ধাপরাধী ও জামায়াতকে রক্ষা করা।‘   

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে  এক অনুষ্ঠানে জাসদ সভাপতি ইনু বলেছেন, নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে, একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছে। #

 

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।