দেশে সব ধর্মের অনুসারীরা পারস্পরিক সৌহাদ্যের বন্ধনে আবদ্ধ: খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পরস্পরের মধ্যে প্রীতি ও শুভেচ্ছাবোধ আমাদের সোনালী ঐতিহ্য। বাংলাদেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সৌহাদ্যের বন্ধনে আবদ্ধ। ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি।
আজ (শুক্রবার) বিকেলে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শুভেচ্ছা বাণীতে তিনি এসব কথা বলেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনেই এদেশের সব বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী-সমূহের সম্মিলিত আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটে। ধর্মীয় সম্প্রীতি এবং সব ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সবসময়ই সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে।
খালেদা জিয়া বলেন, জাতিতে জাতিতে ধ্বংসাত্মক প্রতিযোগিতায় মানবজাতি আজ যখন ছিন্নভিন্ন, যখন মানুষ অহংকার, হিংসা আর গ্লানির মিশ্র জীবনযাপন করছে তখন মহামতি গৌতম বুদ্ধের অহিংসা, মানবপ্রেম ও শান্তির বাণী বিশ্ববাসীকে দেখাতে পারে মহামিলনের পথ। মহামতি গৌতম বুদ্ধ নিজের জীবন গড়ে তুলেছিলেন কঠোর তপশ্চচর্যা, কৃচ্ছ্রসাধন এবং আনন্দরূপ বিনম্রতায়, এক মহৎ জীবনবীক্ষা ও আত্মশক্তি। যা আদর্শ হিসেবে আজও মানবজাতির জন্য মানবিক সমৃদ্ধির এক অনুকরণীয় কর্মযজ্ঞ।
বৌদ্ধ পূর্ণিমার সব আনুষ্ঠানিকতার সার্বিক সাফল্য কামনা করে বিএনপি চেয়ারপার্সন বলেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্যের আলো দেখিয়েছেন, চিনিয়েছেন কল্যাণের পথ। সব প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও শুভ্রদীপ্ত সত্য ও ন্যায়ের পথে মানুষকে আহবান করেছেন। হিংসা দিয়ে হিংসার ধ্বংস নয় সে কারণেই শরণ নিতে হয় অহিংসার মহামতি বুদ্ধের এ বাণী চিরকালীন, আজও মানবজাতির জন্য সমানভাবে প্রযোজ্য।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২০